irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Thursday, September 13, 2012

সবটাই বৃথা!


নির্ঘুম রাত, চারদিক নিস্তব্ধ শুধু একা জেগে আমি। ড্রয়িং রুমে বসে আরক্ত নয়নে খুঁজে বেড়াই সুখ, কোথায় সে সুখ? একাকী এ গভীর রাতে নেই কোন কোলাহল, নেই যন্ত্র আর কলের অশ্রাব্য সব শব্দ। শুধু একা জেগে আমি। খুঁজে বেড়াই এক টুকরো ভালোবাসা জীবনের জন্য, বেঁচে থাকার জন্য। আজ শুধু খুঁজে বেড়াই স্বপ্নের সেই জীবন যা ছিল লালিত দিনের পর দিন, বছরের পর বছর। কোথায় আমার স্বপ্নের সে ছোট্ট ঘর। কোথায় সে বাগান যা তিল তিল করে সাজানো? কোথায় সে যাকে ভালবাসতে চেয়েছিলাম হৃদয়ের সবটুকু উজাড় করে। সবাই চলে গেছে যার যার প্রয়োজনে, শুধু থেকে গেছি আমি আমাকে নিয়ে একাকী, নীরব আর নিথর জীবনের জন্য। নির্ঘুম রাতের এই একাকীত্ব কবে শেষ হবে নাকি থেকে যাবে নিরন্তর আমার নিজের মাঝে? দুঃস্বপ্নে ঘেরা এই রাতগুলো আমার কাটতে চায়না, মনে হয় প্রতিটি রাত এক একটি বছর সমান। মাঝে মাঝে ভেবে মরি মৃত্যু কবে হবে একালের জীবনে, খুঁজে বেড়াই সাথে কি আছে কোন পাথেয় ওপারের জীবনের জন্য? তবে কি আমার সারা বেলার গল্প সবটাই বৃথা! একাকী এই নির্ঘুম রাতে ভেবে মরি নিজেই নিজেকে নিয়ে।

Sunday, September 9, 2012

আমার অপরাধ


অনেকদিন পর কিছু প্রশ্ন মনের আঙ্গিনায় কড়া নাড়ছে, বলতে পারবে এর সদুত্তর তুমি? আমার স্বপ্নগুলি ভুলে গিয়ে তোমার স্বপ্ন পুরনের পিছু ছুটেছিলাম, সেটা কি আমার অপরাধ? আমার ভালো লাগাকে দূরে রেখে তোমার ভালো লাগাকে আপন করে নিয়েছিলাম, সেটা কি আমার অপরাধ? নিজের চাওয়া পাওয়াকে দূরে রেখে তোমার চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়েছিলাম, সেটা কি আমার অপরাধ? নিজের চোখের জল লুকিয়ে রেখে তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, সেটা কি আমার অপরাধ? সমস্ত ঝড় ঝাপটার হাত থেকে রক্ষা করে তোমাকে বুকে আগলে রাখতে চাওয়াটা কি আমার অপরাধ? নিজের ব্যস্ত সময়গুলি তোমার হাতে তুলে দেওয়াটা কি আমার অনেক বড় অপরাধ? তোমাকে কারো হাতের খেলনার পুতুল হতে না দেওয়াটাই কি আমার অপরাধ ছিল? জানি কোন উত্তর তোমার কাছে পাবো না। নিজেকে প্রশ্ন করলাম, নিজের মাঝেই উত্তর খুঁজে পেয়েছি। তোমাকে এতো বেশী ভালোবাসাটাই আমার অপরাধ ছিল। 

Saturday, September 8, 2012

ধন্যবাদ তোমাকে


তুমি যখন আমাকে একটা অন্ধকার জীবনে ছেড়ে চলে গিয়েছিলে তখন অনেক বেশী প্রয়োজন ছিল তোমাকে। একাকিত্তের প্রহরগুলো তখন বেশী কষ্ট দিতো আমাকে, তাই সেদিন তোমাকে ফিরাতে অনেক অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু তুমি আমার সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সেদিন চলে গিয়েছিলে। একবারও ভাবনি আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ কি ছিল তখন, সেদিনই মনে হলো স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারো নয়। হৃদয়টা সেই যে দুমড়ে মুচড়ে গেলো আজও তেমনি রয়ে আছে। তোমার আমার সম্পর্কটা কতদুর গিয়েছিলো হয়তো আমি জানিনা, কিন্তু যতদুর গিয়েছিলো তাতে তুমি আমাকে এমনিভাবে একা করে চলে যেতে পারবে ভাবিনি কখনো। আমি ভাবতাম যতো বড় দুঃখ বা ঝড় আসুক না কেন আমরা দুজনে এক হয়ে জয় করবো, কিন্তু আমি মনে হয় ভুল ভেবেছিলাম। তাইতো প্রবাহমান নদীর স্রোতের মতো তুমি দেখতে দেখতে হারিয়ে গেলে, বাধ্য করলে আমাকে একাই পথ চলতে। ধন্যবাদ তোমাকে, একটা গভীর ভালবাসার উপহার একাকীত্বতা দিয়ে গেলে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে......

Friday, September 7, 2012

আঁধারের মানুষ


আমি আঁধারের মানুষ, আঁধারেই ছিল আমার বসবাস। হটাৎ হলো তোমার সাথে দেখা, তুমি বাড়িয়ে দিলে হাত। আর আমিও চেয়েছিলাম তোমার হাত ধরে আলোর মাঝে আসতে। কথা দিয়েছিলে কোনোদিন আমাকে আর আঁধারে যেতে দিবেনা। কিন্তু না চিরদিন থাকার ইচ্ছে থাকলেও হলোনা, পরক্ষনেই কি ভেবে আর কার হাতছানিতে যেন তুমি গুটিয়ে নিলে তোমার ঐ বাড়ানো হাত। তাই অভিমানী মনটা আবার আঁধারেই ফিরে গেলো বুকে ব্যাথা নিয়ে। শুনেছি ভালোবাসা নাকি মানুষকে সাহসী করে তুলে। কিন্তু আমাকে করেছে তার উল্টো। ভালোবাসা আমাকে এখন ভীতু বানিয়েছে, করেছে সঙ্কুচিত। আমার ভিতরে জম্ম দিয়েছে এক অজানা ভয়, যা আমার ছায়ার মতো আমার সাথে এখন সবসময় থাকে। আমি ভয় পাই কারো চোখে চোখ রেখে কথা বলতে, ভয় পাই জীবনকে নিয়ে নতুন করে ভাবতে। আর সত্যিই ভয় পাই এখন এই ভালোবাসা নামক অনুভূতিটাকে। 

প্রতীক্ষিত মানুষ


তুমি ফিরে আসবে আবার আমার জীবনে এই বিশ্বাস যেদিন ভেঙ্গে গেছে সেদিন থেকে নিজেকে পুনরায় সাজানোর কথা অনেক ভেবেছি, বাঁচার কথা ভেবেছি। কিন্তু মাঝে মাঝে তোমার নিস্পাপ মুখটির পেছনে লুকিয়ে থাকা ছবিটার কথা মনে হলেই আমার সবকিছুই এলমেলো হয়ে যায়। বুকের মাঝে জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে নেমে আসতে চায়। বুঝে উঠতে পারিনা এই অশ্রুগুলো কিসের? তোমার মিথ্যা ভালোবাসার নাকি আমার সব হারানোর? তবে একটা কথাই শুধু বলবো তুমি আমার পৃথিবীটা চিনতে ভুল করেছো। হয়তো কোন একদিন তুমি যাকে ভালবাসবে সে তোমার কষ্ট অনুভব করবেনা, সেও তোমার পৃথিবীটা চিনতে ভুল করবে। আর তখন বুঝতে পারবে ক্ষত বিক্ষত হৃদয়ের বেদনাগুলো। বুঝতে পারবে সব কিছু থাকার পরও কে যেন একটা নেই, এক অদ্ভুত শূন্যতায় প্রতীক্ষিত মানুষের ফিরে আসার অপেক্ষা করবে তুমি...... 

Thursday, September 6, 2012

প্রতিশ্রুতি রক্ষা

ভয় পেওনা, আমি আছি বেঁচে। তাই তোমাকে নিশ্চিন্ত করতেও পারলাম না বলে দুঃখিত। মরণটা আমার হাতে নেই, থাকলে অবশ্যই তোমাকে নিশ্চিন্ত করে দিতাম চিরদিনের জন্য। কোন আশঙ্কা তোমার মনে উঁকি দেওয়ার সুযোগ দিতাম না। অনেকদিন ধরে অসুস্থ আছি যদিও কিন্তু হটাৎ করে এর পরিমান এতো বেড়ে যায়, আর পারছিলাম না। অন্যদিকে যাঁদের বদান্যতায় এই পৃথিবীর সাথে আমার দেখা তাদের অসুস্থতা। আর তার সাথে যোগ হয়েছে আমার সেই পুরনো ঝামেলাগুলো। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এতো খারাপের দিকে মোড় নিয়েছে কি করবো ঠিক বুঝে উঠতে পারছিনা। না ভেবনা, তোমার কোনও করুনা বা সহানুভূতি চাইছি। তুমিতো আমাকে ছেড়েই দিলে আমার মতো চলতে, তাই চলছি আমি। পরিনতি বা ফলাফল যাই হোকনা কেন তুমি শুধু দেখেই যাবে। একটা সময় মনে হতো প্রতিটি মানুষের একটা সময়ে নির্ভরশীলতার খুব দরকার, আর সেটা অসুস্থতার সময়। এখন মনে হয় না কাউকেই আমার দরকার নেই। একা একাইতো সব ধরণের সময় পার করতে পারছি, নাইবা থাকলো কেউ পাশে প্রতিশ্রুতি দিয়েও। চাহিদা, বিনিময় আর স্বার্থের এই পৃথিবীতে কয়জনই পারে প্রতিশ্রুতি রক্ষা করার মানসিকতা ধরে রাখতে।  আর তুমি তো তাদের চাইতে ব্যতিক্রম হতে পারোনা, তাইনা??? 

Saturday, September 1, 2012

একাকীত্বতার প্রহর


জীবনের অনেকটা পথ একা একা হেঁটে চলেছি আজ, জানিনা আর কতোটা দিন হাঁটতে হবে এই একা পথটা ধরে। আর কতোটা দিন পরে শেষ হবে এই একাকীত্বতার প্রহর, জানিনা আদৌ শেষ হবে কিনা। তোমার দেওয়া অতীত জীবনটা প্রতিদিন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমাকে। জানোই তো জীবনের কিছু কিছু স্মৃতি আছে যা মানুষ ভুলতে চাইলেও ভুলতে পারেনা কখনোই। মাঝে মাঝে মনে হয় প্রতিটা মানুষের কিছু না কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুল থাকে, আমিও মানি এই কথাটা। কিন্তু ভেবে পাইনা তোমার কাছে আমার ভুলটা কি ছিলো। আর আমি এটাও জানি আমার হারানো সেই সময়টা তুমি কোনদিনই ফিরিয়ে দিতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না আমার আগের সেই জীবনটাকে। ফিরিয়ে দিতে পারবে না তোমাকে ঘিরে আমার হাজারো ভাবনাগুলোকে। তবে তুমিও অবশ্যই একদিন বুঝবে ভালবাসার হাহাকার কি। হয়তো বা কোন একদিন তুমি যাকে ভালোবাসবে সেই তোমাকে অন্তহীন একাকীত্বতার প্রহর উপহার দিয়ে যাবে, আর হয়তো সেদিন বুঝবে জীবনের শুন্যতা কি, কি নিষ্ঠুর এর যন্ত্রণা। সত্যিই তুমি একদিন বুঝবে, এটা কিন্তু অভিশাপ না। ভেবে নাও আমার অনুমান......